KA
Kalki Avatar3 months ago
Title
*প্রশ্ন—আপনি স্বাধীন জীবিকার উপর জোর দেন, কিন্তু যার জমি নেই, মূলধন নেই, যোগ্যতা নেই সে স্বাধীনভাবে জীবিকা অর্জন করবে কি ভাবে?*
শ্রীশ্রীঠাকুর—মানুষের জমি না থাক, মূলধন না থাক, বড় রকমের যোগ্যতা না থাক, তাতে কিছু এসে যায় না, চাই চরিত্র ও অনুসন্ধিৎসাদীপ্ত সেবাবুদ্ধি। তা' থাকলে মানুষ কিসের মধ্য দিয়ে যে কি ক'রে ফেলে তার ঠিক আছে?
একজনের কথা শুনেছিলাম। তার কিছু ছিল না। সে একটা ষ্টেশনের কাছে থাকত। সকালবেলায় বড় এক বালতি জল আর মগ নিয়ে ষ্টেশনে যেত, দাঁতন আর ঘুটের ছাই না কি যেন সঙ্গে নিত। সবার মুখ ধোবার ব্যবস্থা ক'রে দিত আর তার জন্য প্রত্যেকের কাছ থেকে একটা ক'রে পয়সা নিত। এই থেকে শুরু ক'রে নিজের সততাযুক্ত চেষ্টার ফলে সে পরে বড় ব্যবসাদার হ'য়ে গেল। বহু টাকার মালিক হয়েছিল সে। অল্পের উপর দাঁড়িয়ে উন্নতি করার হাজারো রকমের পথ সবসময়ই খোলা আছে।
ভাবলে তো মানুষ পথ পাবে। অন্যের সুখ-সুবিধা ক'রে দেবার, প্রয়োজন-পূরণ করবার ক্ষুধা যাদের মজ্জাগত নয়, তারা ভাবেও না, করেও না, পথও পায় না। আর, যোগ্যতার কথা যে বলছ, তা' কাজ করতে করতে বাড়ে। তবে যার জন্মগত knack (ভাললাগা) ও inclination (ঝোঁক) যে-দিকে তার সেই পথে চেষ্টা করাই ভাল।
(আলোচনা প্রসঙ্গে দশম খন্ড ২৭.১.১৯৪৮)






